২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ঝড়ে জেলে নিহত

বরগুনায় ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি ও গাছপালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 02:21 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এই ঝড় হয়।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বলেশ্বর নদে মাছ ধরার সময় ঝড়ে ট্রলার ডুডে জামাল হোসেন (২২) ও খাইরুল ইসলাম নামে দুই জেলে আহত হন। তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে জামাল মারা যান।

জামাল মঠবাড়িয়া উপজেলার বড় টেংড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আহত খায়রুলের অবস্থা উন্নতির দিকে বলে জানান ট্রলার মালিক নেতা গোলাম মোস্তফা।

এদিকে ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, সদর উপজেলা, নলটোনা, বুড়িরচর, ঢলুয়া, পাথরঘাটার কালমেঘা, রায়হানপুর, চরদুয়ানী ইউনিয়ন ও বামনা উপজেলার বিভিন্ন এলাকায় বেশি ক্ষতি হয়েছে।

তার মধ্যে নলটোনা ইউনিয়নের সোনাতলা গ্রামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান।

পাথরঘাটা উপজেলার ইউএনও মো. হুমায়ূন কবির বলেন, পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা, জিনতলা, হাড়িটানা, রুহিতা, টেংরা, কোড়ালিয়া, কাঁঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী; রায়হানপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি ঘর ও ঘরের চালা উড়ে পাশের পুকুরে ও মাঠে গিয়ে পড়েছে। অনেক স্থানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বেশ কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি পড়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে ১৫০ বান্ডিল ঢেউটিন, ১৩ মেট্রিকটন চাল ও এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সদর উপজেলা, পাথরঘাটা উপজেলা ও বামনা উপজেলায়।