গাজীপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
গাজীপুরে পাঁচ মাস আগে শিশু ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত বিল্লাল ভূইয়া শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া গ্রামের রহম উদ্দিন ভূইয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল ও হেলাল খান নামের দুই ব্যক্তিকে এ মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রী বিল্লালের বাড়িতে খেলতে যায়। এ সময় বিল্লাল মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ করলে মেয়েটিকে প্রাণনাশের হুমকিও দেয় সে।
পরে মেয়েটি তার মাকে জানালে তিনি বাদি হয়ে তিনজনকে আসামি করে ২১ সেপ্টেম্বর শ্রীপুর থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৭ নভেম্বর বিল্লালের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে আদালতে এ মামলার বিচারকাজ শুরু হয়।
