চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণহীন ট্রাক কেড়ে নিল তিন প্রাণ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক ভটভটি চালক এবং পথচারী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কুলপালা গ্রামে বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনায় আহত দুইজন ভটভটির যাত্রী বলে আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান।
নিহতরা হলেন- ভটভটি চালক সদর উপজেলার পীরপুর গ্রমের আলী হোসেনের ছেলে ভটভটি চালক লিটন হোসেন (৩৪), কুলপালা গ্রামের আকুল শেখের ছেলে রাকিব (২২) ও সাকিব (১২)।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বলেন, “মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ভটভটির চালক ঘটনাস্থলেই মারা যান।
“পরে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাকিব ও সাকিবকে ধাক্কা দিলে তারা আহত হন।”
তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
