ছোট অপরাধী যেন বড় অপরাধী না হয়: আইজি প্রিজনস
কারাগারে বন্দিরা যাতে নিজেদের সংশোধন করে নতুন জীবন শুরু করতে পারে সে বিষয়ে কাজ করছেন বলে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন।
বর্তমানে দেশের কারাগারে প্রায় ৯২ হাজার বন্দি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা এ সমাজেরই অংশ। একদিন হয়ত তারা এখান থেকে সমাজে ফিরে যাবেন।
“তাদের মনস্তাত্বিক পরিবর্তন করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমরা চাইনা একজন ক্ষুদ্র অপরাধী যেন একজন বড় অপরাধী হয়ে সমাজে ফিরে না যায়।”
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ৫৩ তম কারারক্ষী ও নারী কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ রিক্রুটদের শপথ গ্রহণ ও সমাপনী কুজকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার উদ্দিন এ সব কথা বলেন।
আইজি প্রিজনস আরও বলেন, কারাবন্দিরা নিজেদের সংশোধন করে যেন নতুন জীবন শুরু করতে পারে সেই ব্রত কারাকর্মকর্তা ও রক্ষীদের নিতে হবে।
বন্দিদের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি তাদের প্রতি মানবিক আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
রাজশাহী ও কাশিমপুর কারা কমপ্লেক্সে ছয় মাস মেয়াদী এ প্রশিক্ষণে ২৮৪ জন পুরুষ, ৩৬ জন নারী কারারক্ষীসহ মোট ৩২০জন প্রশিক্ষনার্থী অংশ নেন বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১- এর সিনিয়র জেল সুপার ও প্রধান প্রশিক্ষক সুব্রত কুমার বালা জানান।
এ সময় প্রধান অতিথি অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান উপস্থিত ছিলেন।
