অপহরণের পর শিশুকে ‘ধলেশ্বরীতে নিক্ষেপ’, যুবক আটক
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা থেকে পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার অভিযোগে প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়। তার খোঁজ এখনও পাওয়া যায়নি বলে ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের জানান।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ থানা পুলিশ নাজমুল হুদা লিয়নকে (২৩) গ্রেপ্তার করে।
নিখোঁজ আহাদ বাবু (৫) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকার আব্দুল মজিদের ছেলে।
ওসি মঞ্জুর কাদের বলেন, বুধবার রাতে ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকা থেকে আহাদ বাবুকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী নাজমুল হুদা লিয়ন। এ ঘটনায় শিশুর বাবা আব্দুল মজিদ ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, রাতে বাসায় শিশু আহাদ বাবুর সঙ্গে টিভি দেখছিল নাজমুল লিয়ন। এ সময় শিশুটির মা কাজে পাশের রুমে গেলে শিশুটিকে দেখে রাখার জন্য লিয়নকে বলে যান। এই সুযোগে লিয়ন শিশুটিকে নিয়ে চলে যায়। পরে রাতের কোন এক সময় শিশুটিকে মুন্সিগঞ্জের মোক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেয়।
ওই শিশুর বড় ভাই রুহুল আমিন বলেন, নাজমুল হুদা লিয়নের বাড়ি এবং তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দলাকোপা গ্রামে। লিয়ন পোশাক কারখানায় কাজ করে।
“লিয়ন আমাদের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করত। মাঝে মাঝে পয়সা লাগলে ধারও নিত।”
রুহুল বলেন, তিনি, তার মা, বাবা ও বড় ভাই তিনজন কাজ করেন। তাদের মা আলীমুন নেছা বাসায় একা থাকেন।
তিনি বলেন, বুধবার রাতে তার মা এশার নামাজ পড়তে পাশের বাড়িতে গেলে পাশের রুমে তার ছোট ভাই আহাদ বাবুর সঙ্গে বসে টিভি দেখছিল নাজমুল হুদা লিয়ন। মা রুমে এসে দেখেন আহাদ বাবু ও লিয়ন নেই। অনেক সময় হলেও না আসায় খোঁজাখুঁজি করেন তারা।
“না পেয়ে আমি ফোন করলে লিয়ন জানায় ও গাইবান্ধা চলে গেছে। কিছুক্ষণ করে ও ফোন করে জানায় মুন্সীগঞ্জ মুক্তারপুর সেতুর উপর ওকে পুলিশ আটক করেছে।
“পরবর্তীতে মুন্সীগঞ্জ পুলিশ আমাদেরকে ফোন করে বিষয়টি জানায়। আমরা মুক্তারপুর সেতু এলাকায় নদীতে ট্রলার নিয়ে অনেক খোঁজাখুজি করলেও আহাদ বাবুকে পাওয়া পাইনি।”
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, আহাদ বাবুকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে লিয়ন। সে জিজ্ঞাসাবাদে জানিয়েছে টাকার জন্যই শিশুটিকে অপহরণ করা হয়েছে। লিয়নকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আলমগীর আরও জানান, শিশুটির সন্ধানে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে মুক্তিপণের দাবির জন্যই শিশুটিকে অপহরণ করা হয়েছে। কিন্তু পুলিশের তৎপরতার কারণে অবস্থা বেগতিক দেখে শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।”
আসামী লিয়নকে জিজ্ঞাবাদ করলেই অপহরণের প্রকৃত কারণ বেরিয়ে আসবে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলে তিনি জানান।
