বরিশালে সেনা চায় বিএনপি, ‘সমস্যা নেই’ আ. লীগের
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
শুক্রবার গণসংযোগকালে সরোয়ার বলেন, “খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে ভোট চুরি হয়েছে। তাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চুরি ঠেকাতে সেনাবাহিনীর বিকল্প নেই।”
সকালে নগরীর ৫ নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন সরোয়ার। পরে তিনি পলাশপুর, মোহাম্মদপুরসহ আশপাশ এলাকায় গণসংযোগ করেন।
বিকেলে নগরীর ব্রাউন কম্পাউন্ড ও বটতলা এলাকায় পথসভা করেন বিএনপির এই মেয়র প্রার্থী।
মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন নিশ্চুপ।
এদিকে, দুপুরে নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে ওই এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
পরে তিনি নূরিয়া স্কুল মাঠে এক আওয়ামী লীগ নেতার মায়ের জানাজা নামাজে যোগ দেন।
গণসংযোগে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ
বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরিস্থিতি ঘোলাটে করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলে তিনি মন্তব্য করেন।
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
“তারপরও বরিশালের জনগণ চাইলে, নির্বাচন কমিশন যদি সেনাবাহিনী প্রয়োজন মনে করে, তা হলে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই।”
তিনি বলেন, আওয়ামী লীগ চায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন।
অপর পাঁচ মেয়র প্রার্থী এবং ৯৪ জন সাধারণ ও ৩৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
আগামী ৩০ জুলাই বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন হবে।
