২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোর-এ শহীদে নামাজ পড়লেন কয়েক লাখ

কয়েক লাখ নামাজির জমায়েতে ঈদের নামাজ হয়েছে দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে।

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2018, 08:10 PM

Updated : 11 Oct 2022, 12:25 PM

আয়োজকদের দাবি, এটি দেশের সর্ববৃহৎ ঈদ জামাত এবং এবার প্রায় ছয় লাখ মানুষ এখানে একসঙ্গে নামাজ আদায় করেছেন।

এ নিয়ে এখানে তৃতীয়বারের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হলো।

২২ একরের এই ঈদগাহে শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের ঈমাম মাওলানা সামশুল আলম কাশেমী।

এখানে ঈদের নামাজ আদায় করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিনাজপুরের ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা থেকেও মানুষ এখানে ঈদের নামাজ পড়তে এসেছেন।

কেউ গাড়ি ভাড়া করে অন্য জেলা থেকে এসেছেন। কেউ কেউ আগের দিন এসে আত্মীয়ের বাড়ি থেকেছেন। কেউ বা আগের রাতে দিনাজপুর এসে আবাসিক হোটেলে উঠেছেন।

বগুড়া থেকে আসা হাসানুজ্জামান নামে একজনের সঙ্গে নামাজ শেষে মাঠে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকম প্রতিনিধির।

হাসানুজ্জামান বলেন, এই মাঠের কথা তিনি শুনেছেন গতবছর। দিনাজপুরে তার আত্মীয় আছেন। এই মাঠে নামাজ পড়ার জন্য তিনি শুক্রবার এক আত্মীয়ের বাসায় উঠেছেন।

দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আর পৃষ্ঠপোষকতা করছেন স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম। 

নামাজ শেষে ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৌদী আরবের পর দিনাজপুরের এই ঈদের জামাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামাত। এবার এখানে ঈদুল ফিতরের জামাতে প্রায় ছয় লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছেন; যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ বেশি।”

এই মাঠের আরও সংস্কার করা হবে জানিয়ে হুইপ বলেন, আগামী বছরে এরচেয়েও বেশি সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

জামায়াতে কয়েক স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠজুড়ে স্থাপন করা হয় শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা এবং  কয়েকটি ওয়াচ টাওয়ার। বিভিন্ন স্থানে নামাজিদের তল্লাশি করা হয়। নিয়মিত পোশাকের পুলিশ ছাড়াও সাদা পোশাকেও পুলিশের তৎপরতা ছিল।

শত বছরের পুরানো এই মাঠে এর আগে খুবই স্বল্প পরিসরে পৌরসভার তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হতো।

জেলা প্রশাসন জানায়, ২০১৫ সালে এই ময়দান নতুন করে সংস্কারের কাজ নেওয়া হয়। তিন কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি মিনার বানানো হয়। এছাড়া পুরো মাঠ পরিষ্কার ও পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয়।

সংস্কার হওয়া পর ২০১৭ সালের ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে প্রায় পাঁচ লাখ মানুষ ঈদের নামাজ আদায় করেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছিল।