২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বাস শ্রমিককে মারধর, মালিক সমিতি অফিসে ভাংচুর

জামালপুরে বাস-মিনিবাস মালিক সমিতির এক নেতার হাতে এক চালক লাঞ্ছিত হওয়ার পর ওই সমিতির কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। শ্রমিকরা সড়ক অবরোধও করেছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 11:25 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

রোববার জামালপুর শহরে এ ঘটনা ঘটে বলে মলিক ও শ্রমিকরা জানান।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, জামালপুর-নারায়ণগঞ্জ রোডে চলাচলকারী বুড়িগঙ্গা বাসের চালক রেজাউল করিম জনিকে ওই রোডে বাস চালাতে নিষেধ করেন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান। এরপরও বাস চালানোর কারণে চালককে হুমকি দেন ওই নেতা।

“এর জেরে রোববার দুপুরে মালিক সমিতির কার্যালয়ে বাস চালক রেজাউল করিম জনিকে মারধর করেন সিদ্দিক।”

রফিকুল বলেন, পরে মালিক সমিতির এক নেতার নেতৃত্বে একদল শ্রমিক বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে হামলা ও ভাংচুর করে।

“ঘটনার পর দুপুরে শ্রমিকরা জামালপুর বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।”

৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন বলেও তিনি জানান।

বুড়িগঙ্গা বাসের চালক রেজাউল করিম জনি বলেন, মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বেশ কয়েকদিন ধরে জামালপুর-নারায়নগঞ্জ রোডে বাস চালাতে তাকে নিষেধ করে আসছিলেন। এরপরও তিনি ওই রোডে বাস চালাচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। 

রফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার পর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথ বৈঠক করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আনাম বাবলা ও সাধারণ সম্পাদক মসিউর রহমান বাবু সমিতির কার্যালয়ে হামলার নেতৃত্ব দেওয়ার জন্য জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে দায়ী করছেন।

৪৮ ঘণ্টার মধ্যে সিদ্দিকুর রহমানকে মালিক সমিতি থেকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে তারা হুমকি দেন।

জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালিক সমিতির পক্ষ থেকে মামলা দেওয়া হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। মালিক সমিতির কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি তাকে।