বাগেরহাটে ব্যবসায়ীর ছন পুড়িয়ে দেওয়ার অভিযোগ
বাগেরহাট সদর উপজেলায় একটি ছনের গাদা আগুনে পুড়ে গেছে। ছন মালিকের অভিযোগ, শত্রুতা করে তার ছনগুলো পুড়িয়ে ছয় লাখ টাকার ক্ষতি করা হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার যাত্রাপুর বাজারের শ্মশানঘাটে রাখা হায়দার মল্লিকের ছনের গাদায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গাদা সম্পূর্ণ পুড়ে গেছে। আশপাশের গাদায় আগুন লাগার উপক্রম হলেও সেগুলো রক্ষা করা গেছে।”
কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে তিনি বলেন, “বিড়ি-সিগারেট বা মানুষের দেওয়া আগুনের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
পানচাষিরা বরজের চাল বানাতে ছন ব্যবহার করেন। হায়দার বিভিন্ন জায়গা থেকে ছন কিনে এনে চাষিদের কাছে বিক্রি করেন।
হায়দার সাংবাদিকদের বলেন, “আমার প্রতিপক্ষরা শত্রুতা করে পরিকল্পিতভাবে ছনের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। এতে আমার প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও আমার পাঁচটি গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।”
তবে কারা আগুন দিয়েছে তা তিনি নিশ্চিত করে বলেননি। থানায়ও অভিযোগ দেননি।
সদর থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
