২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথচারীকে হত্যার পর ‘ছিনতাইকারী’ পুলিশের গুলিতে নিহত

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসিআই কর্মচারী আর পুলিশের গুলিতে এক ‘ছিনতাইকারীর’ মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 04:20 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, শহরের নওমহল এলাকায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকের এ ঘটনায় দুইজনের মৃত্যু ছাড়াও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত মোফাজ্জল হোসেনের (৪৫) বাড়ি রাজশাহী। নওমহল এলাকায় তিনি সপরিবার বাস করতেন। 

আর পুলিশের গুলিতে নিহত নিটুলের (২৫) বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে পুলিশের ভাষ্য।

ওসি আশিকুর বলেন, বেলা আড়াইটার দিকে নওমহল এলাকার বাসিন্দা এসিআই কোম্পানির কর্মচারী মোফাজ্জল হোসেন বাসায় যাওয়ার পথে নিটুল তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর নিটুল এলাকাবাসীর হাতে আটক হন।

“খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিটুলকে উদ্ধারের চেষ্টা করে। মাদকসেবী ছিনতাইকারী নিটুল দৌড়ে পালানোর সময় পেছন থেকে পুলিশের গুলিতে মারা যান।”

এ সময় নিটুলের ছুরিকাঘাতে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল হোসেন আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি আশিকুর রহমান।