ফরিদপুরে মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ
সারা দেশে মাদকবিরোধী অভিযানের মধ্যে ফরিদপুরের সদর উপজেলায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে; যার বিরুদ্ধে মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়ে পুলিশ।
উপজেলার বাইপাস সড়কের আলালপুর এলাকার রাস্তার পাশ থেকে আজাদ খাঁর (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এ এফ এম নাসিম জানান।
নিহত আজাদের বাড়ি ওই উপজেলার দক্ষিণ টেপাখোলা এলাকায়।
নিহতের মেয়ের জামাই আব্দুর রাজ্জাক জানান, তিনদিন আগে তার শ্বশুড় নিখোঁজ হন। তাকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়।
ওসি নাসিম বলেন, “আজাদের মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে; তার বিরুদ্ধে মাদকসহ থানায় সাতটি মামলা রয়েছে।”
তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
