ফরিদপুরে গ্রাহকের টাকা নিয়ে এনজিও কর্মী উধাও
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঋণ দেওয়ার কথা বলে শতাধিক গ্রাহকের কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে এক নারী এনজিও কর্মী পালিয়ে গেছে।
‘পল্লী উন্নয়ন সংস্থা (পিইউএস)’ নামের এই প্রতিষ্ঠানটির ওই কর্মীর নাম সাহারা খাতুন।
বুধবার মধুখালী উপজেলা সদরে পিইউএস কার্যালয়ে গিয়ে দেখা যায় অফিসটি তালাবদ্ধ এবং অফিসের সামনে বেশকিছু গ্রাহক ভিড় করছেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পিইউএস এর গ্রাহক (সদস্য) ফাতেমা, মেরী বেগম ও জোহরাসহ কয়েকজন জানান, সপ্তাহখানেক ধরে ওই এনজিওর মহিলা কর্মীরা উপজেলার রায়পুর, ব্যাসদী, ধোপাগাতি, দড়িবাজার আড়কান্দি, লক্ষ্মণদিয়া ও আমডাঙ্গাসহ আশেপাশের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নারী ও পুরুষ সদস্য নিয়ে কয়েকটি সমিতি গঠন করেন।
স্বল্প সুদে ২০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বলে চার হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত প্রায় ১০ লক্ষাধিক টাকা তারা গ্রাহক (সদস্য) সঞ্চয় সংগ্রহ করেন বলে ফাতেমা, মেরী ও জোহরা জানান।
ভুক্তভোগীরা জানান, গত সোমবার ঋণ দেওয়ার কথা ছিল। ওইদিন গ্রাহকরা গাড়াখোলা এলাকায় মিত্র ভবনে ওই এনজিও অফিসে গিয়ে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। যোগাযোগ করার চেষ্টা করলে ওই মহিলা এনজিও কর্মকর্তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সদস্যদেরকে দেওয়া সঞ্চয় বইয়ে পিইউএস-এর প্রধান কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে- বঙ্গবন্ধু অ্যাভিনিউর খদ্দর শপিং কমপ্লেক্স, (ষষ্ঠ তলা), ৫৮ নম্বর কক্ষ, ঢাকা-১০০০। রেজিস্ট্রেশন নম্বর: ম/বি/অ-ঢাকা-১৫২/৯৮।
এনজিওটির অফিস হিসেবে ভাড়া নেওয়া হয় উপজেলা সদরের মিত্র ভবনে।
মিত্র ভবনের মালিক মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জয় মিত্র জানান, গত ২১ মে নিজেকে পল্লী উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক কর্মকর্তা পরিচয় দিয়ে সাহারা খাতুনিএ অফিসে ওঠেন। মালিক দেশের বাইরে আছে বলে ২৮ মে চুক্তি হওয়ার কথা বলেন তিনি।
তিনি বলেন, এনজিও অফিস বন্ধের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে শতাধিক সদস্য এসে ওই অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। গ্রাহকরা প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবি জানিয়ে স্লোগান দেয়।
“এরপর ঘটনাটি আমি থানায় জানাই।”
মধুখালী থানার এসআই মো. মাহাবুবুল করিম বলেন, এ ব্যাপারে ভবন মালিক রঞ্জয় মিত্র থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পল্লী উন্নয়ন সংস্থার ম্যানেজার পরিচয় দানকারী সাহারা খাতুনের মোবাইল ফোনে (০১৭৪১ ৭৩০০৫৬) একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
