২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার প্রতিবাদে দোকানপাট বন্ধ

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যাবসায়ীরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 06:24 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

জেলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু কাজী অভিযোগ করেন, জরিমানার পরিমাণ অনেক বেড়ে গেছে। এ কারণে ব্যাবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পৌরমেয়র কাজী লিয়াকত আলী লেকুর সঙ্গে ব্যবসায়ী নেতারা বৈঠক করছেন জানিয়ে তিনি বলেন, সন্ধ্যার মধ্যে এ সমস্যার সুষ্ঠু সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে।

বুধবার নকল পণ্য, মেয়াদ-উত্তীর্ণ মালপত্র বিক্রি ও মূল্য তালিকা না থাকায় গোপালগঞ্জের বড় বাজারে মুদি, মিষ্টি ও কাঁচামাল বিক্রেতাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এর প্রতিবাদে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বঙ্গবন্ধু সড়কে রাস্তা অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলে দিলে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা কার্যালয়ে জড়ো হন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, মেয়াদ-উত্তীর্ণ মালপত্র বিক্রি ও মূল্যতালিকা না থাকায় মুদি দোকানি বাবুল মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাছ বিক্রেতা বিমল বাড়ৈকে ১০ হাজার, মাছ বিক্রেতা ধলু বাড়ৈকে পাঁচ হাজারসহ আটজনকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ খবর ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ভ্রাম্যমাণ আদালতের ওপর চওড়া হয় বলে তিনি জানান।