মহাসড়কে ফেনীর ফতেহপুরে ওভারপাসের আরেকটি লেন চালু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের ঢাকামুখী আরেকটি লেন চালু করা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল জাননি, রোববার বিকালে ওই লেনটি চালু হওয়ার পর দুই লেন দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী গাড়ি চলাচল করছে।
এ লেন দিয়ে যান চলাচল শুরুর সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার লেনের এই রেলওয়ে ওভারপাসের অপর দুটি লেনের কাজ চলামান থাকায় ঢাকা থেকে চট্টগ্রামের গাড়িগুলো ওভারপাসের নিচ দিয়ে পুরোনো সড়ক হয়ে চলাচল করছে।
এর আগে গত ১৫ মে এই ওভারপাসের চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি লেন চালু করা হয়েছিল।
এই ওভারপাস নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মীর্জা মহিউদ্দিন জানান, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেডের ২০ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সহযোগিতায় ৬০ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে ৮৪৫ মিটার দৈর্ঘ্য ও ২২ মিটার প্রস্থের রেলওয়ে ওভারপাসটি নির্মাণ হচ্ছে। ওভারপাসটির অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য ৭৫৫ মিটার। এর মধ্যে ঢাকার দিকে ৩৪৭ মিটার ও চট্টগ্রামের দিকে ৪০৮ মিটার রয়েছে।
