নারায়ণগঞ্জে পূর্ব বিরোধে স্বামী-স্ত্রীর উপর হামলা
পুকুরে বালু ভরাট নিয়ে পূর্ব শত্রুয়ার জেরে নারায়ণগঞ্জে এক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নগর সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নগর সাদিপুর গ্রামের চুন্নু মিয়া ও তার স্ত্রী আরিফা আক্তার। তাদেরকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চুন্নু মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, নগর সাদিপুর গ্রামের চুন্নু মিয়ার সঙ্গে একই গ্রামের আলমগীরের স্থানীয় একটি পুকুরে বালু ভরাটকে কেন্দ্র বিরোধ চলে আসছিল।
এর জেরে শুক্রবার জুমার নামাজ শেষে চুন্নু মিয়া বাড়ি ফেরার পথে আলমগীর তার গতিরোধ করে গালাগাল দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় বলে চুন্নুর অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে আলমগীরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা, হকিস্টিক, লোহার রড, ধারালে অস্ত্রে সজ্জিত হয়ে চুন্নু মিয়ার উপর হামলা চালায়।
এ সময় চুন্নু মিয়ার ডাক চিৎকারে তার স্ত্রী আরিফা আক্তার এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগে বলা হয়।
আরিফা আক্তার সাংবাদিকদের বলেন, “আমাদের বাড়ির পাশের একটি পুকুরে বালু ভরাটকে কেন্দ্র করে আলমগীরের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। এ শত্রুতাকে কেন্দ্র করে আমার স্বামী চুন্নু মিয়াকে আলমগীরের নেতৃত্বে তার লোকজন কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ঘটনার সময় আমি এগিয়ে গেলে আমাকেও পিটিয়ে আহত করে।”
এ ব্যাপারে আলমগীরকে জিজ্ঞাসা করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। বালু ভরাটের কাজ নিয়ে তার সঙ্গে আমার তর্কবিতর্ক হয়েছে।”
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, “স্বামী স্ত্রীকে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
