বেনাপোলে লাখো ডলার ফেলে পালিয়ে গেল
বেনাপোলে ধাওয়া খেয়ে দুই ব্যক্তি এক লাখের বেশি ডলার ফেলে পালিয়ে গেছে বলে বিজিবি জানিয়েছে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, রোববার রাতে বেনাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছ থেকে তারা ফেলে যাওয়া এই ডলার উদ্ধার করেন।
তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিজিবি কর্মকর্তা আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারীরা সীমান্তে অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে তাদের টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
“বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে ভারতে ঢুকে পড়ে। মেইন পিলার ১৯ থেকে বাংলাদেশের খানিকটা ভেতরে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগে ১ লাখ ১১ হাজার ৯০০ ডলার পাওয়া গেছে। এটা বাংলাদেশি ৯৩ লাখ ৯৯ হাজার ৬০০ টাকার সমান।”
ব্যাগটি বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
