২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট বাস বন্ধ

শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সিলেট থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 02:51 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

শুক্রবার সকাল থেকে এ রুটে একটি পরিবহন বাদে সব কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে বলে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান।  

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, ‘মৃত্যু ফান্ড’ নামে তাদের সংগঠনের একটি তহবিল রয়েছে, যার অর্থ সড়ক দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারের সহায়তায় ব্যয় করা হয়।

“ওই তহবিলের জন্য সিলেটগামী প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলা হত। সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়িয়ে ৫০ টাকা করায় ঢাকা পরিবহন মালিক সমিতি সিলেট রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।”

তবে এনা পরিবহনের বাস সিলেট থেকে ঢাকায় চলাচল করছে বলে ফলিক জানান।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, সিলেট থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ থাকলেও টার্মিনালে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

সা‌য়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবৈধভাবে চাঁদা নেওয়ার প্রতিবাদে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। এটার সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। তবে আশা করছি আজকের মধ্যেই একটা সমাধান হবে।”