সাতক্ষীরায় কার্বাইড মেশানো ৩০০ মণ আম জব্দ
সাতক্ষীরা শহর থেকে কার্বাইড মেশানো ৩০০ মণ আম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের ইটাগাছা এলাকা থেকে ট্রাকভর্তি আম জব্দ করা হয় বলে সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান।
এ সময় আমের মালিকসহ ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি জানান তিনি।
পরিদর্শক বলেন, সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম আনা হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় ইটাগাছা এলাকা থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো ৩০০ মণ আম জব্দ করা হয়।
পরে জব্দ আম ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
