২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-২ আসনে সীমানা পরিবর্তনে নানা হিসাব

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সীমানা পুনঃনির্ধারণে আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী সমীকরণ গেছে বলে মনে করছেন এলাকাবাসী।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 11:20 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

এ আসনের বহুলী ইউনিয়ন (সদর উপজেলা) এখন যোগ হয়েছে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত কাজিপুর নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনের সঙ্গে।

বহুলী ইউনিয়ন বিএনপির শক্ত এলাকা হিসেবে পরিচিত। এখানে বিএনপির ভোট বেশি।

একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের ২৫টিতে সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূর হুদার সভাপতিত্বে কমিশনের সভার পর সদরের বহুলী ইউনিয়নকে কাজীপুরেরর সঙ্গে যোগ হওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। 

এ ঘোষণার পর থেকেই বড় দুই দলের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে থাকলেও বিএনপির নেতাকর্মীরা হতাশা প্রকাশ করেছেন।

সিরাজগঞ্জ শহরের পাশে অবস্থিত বহুলী ইউনিয়ন। এ ইউনিয়নটি সাংগঠনিকভাবে শক্তিশালী বিএনপি-জামায়াত। আন্দোলন সংগ্রামে এ ইউনিয়ন বরাবরই জোরালো ভূমিকা রাখে। এ ইউনিয়নে প্রায় ২৯ হাজার ভোট রয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে বিএনপি এখানে অনেক ভোট বেশি পায়।

পক্ষান্তরে কাজিপুর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হওয়ায় সেখানে বিএনপির এই ইউনিয়নের ভোট যোগ হলেও তেমন লাভ হবে না দলটির।

তাই হিসাব-নিকাশে বিএনপি কোনোভাবেই লঅভবান হয়নি বলে তারা মনে করছেন।  

বহুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন সরকার বলেন, সদরের রাজনীতির সঙ্গে বহুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক নানা কর্মকাণ্ডে একটি অবস্থান ছিল। ভৌগলিক কারণে সংসদ নির্বাচনগুলোতে বড় ধরনের প্রভাব রাখত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভোটের হিসাবে বড় ধরনের একটা প্রভাব পড়বে।

“বিগত নির্বাচনগুলোতে রতনকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের ভোট ব্যাংকের সমতা পূরণ করতে বহুলী বড় ভূমিকা রাখত। সেখানে এই ইউনিয়নটি কেটে যাওয়ায় ভোটের সমীকরণে বিএনপি ক্ষতিগ্রস্ত হলো।”

তবে আগামী নির্বাচনে বিএনপি এ ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশাবাদী তিনি।

সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন বলেন, এ আসনে ভোটের হিসাবে আওয়ামী লীগ সাংগঠনিক ও রাজনৈতিকভাবে অনেকটাই এখন শক্তিশালী।

“বহুলী ইউনিয়ন কেটে যাওয়ায় আগামী নির্বাচনে ভোটের ব্যবধান বিগত নির্বাচনের তুলনায় আওয়ামী লীগ আরও বেশি লাভবান হবে।”

নতুন হিসাব অনুযায়ী সিরাজগঞ্জ-১ আসনটিতে রয়েছে কাজিপুর উপজেলার ১২টি এবং বহলীসহ সদরের পাঁচটি ইউনিয়ন।  

আর সিরাজগঞ্জ সদরের পাঁচটি এবং কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে থাকল সিরাজগঞ্জ-২ আসন।