১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সাংসদ রহিম উল্যাহর গাড়ি ভাংচুর

ফেনী সোনাগাজীতে সংসদ সদস্য রহিম উল্যাহর গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 07:15 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

শনিবার দুপুরে সংবাদ সস্মেলন করে এ হামলার জন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকদের দায়ী করেছেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র এ সাংসদ।

শুক্রবার মধ্যরাতে উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় এ হামলায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও তার মালিকানাধীন দুটি স্কেভেটর পুড়িয়ে দেওয়া হয় বলে জানান রহিম উল্যাহ।

সোনাগাজী বাজারে ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মলনে রহিম উল্যাহ বলেন, শুক্রবার রাত ১২টার দিকে তার গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ- ১৫-৩৯২২) মহুরী সেচ প্রকল্প সংলগ্ন বালু মহলের কাছে রেখে হেঁটে রেগুলেটর সংলগ্ন স্থানে যান। কিছুক্ষণ পর সড়ক পথে ও মুহুরী নদী পথে দুইদল লোক এলোপাতাড়ি ফাঁকা গুলি করে ও বোমার বিস্ফোরণ ঘটায়।

“এক পর্যায়ে তারা পেট্রোল ঢেলে দুটি স্কেভেটরে আগুন ধরিয়ে দেয় এবং আমার গাড়িটি প্রায় দুই কিলোমিটার উত্তর দিকে সোনাগাজী-মহুরী প্রজেক্ট সড়কের ৭ নম্বর স্লুইচ গেইটে ভাংচুর করে রেখে যায়।”

এ ঘটনার জন্য নিজাম হাজারী ও তার সমর্থকদের দায়ী করে তিনি বলেন, “আমাকে একরামের মত নৃশংসভাবে হত্যা করতে চেয়েছিল তারা। অল্পের জন্য রক্ষা পেলেও ভাংচুর ও আগুনে প্রায় ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থক ছাড়া অন্য কারো সাথে বিরোধ নেই বলেও দাবি করেন এ স্বতন্ত্র সংসদ সদস্য।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও সোনাগাজী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্কেভেটরের আগুন নিয়ন্ত্রণে আনে এবং সাংসদের ভাংচুর করা গাড়িটি উদ্ধার করে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম হাজারী দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ফেনী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজান হাজারী সিঙ্গাপুরে আছেন। আজ (শনিবার) রাতে তিনি দেশে ফিরতে পারেন।

নিজাম হাজারীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন জানিয়ে বলেন, প্রয়োজনে দেশে আসার পর তিনি (নিজাম হাজারী) এ ব্যাপারে কথা বলবেন।