পাবনার গ্রাম আদালতে এ বছর ২১২৯ মামলার নিষ্পত্তি
পাবনার গ্রাম আদালতে এ বছর ২১২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে; যার মধ্যে রয়েছে ১১৮২টি দেওয়ানি ও ৯৪৭টি ফৌজদারি মামলা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার গ্রাম আদালতের প্রতি জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও দেখা গেছে, সমস্যার দ্রুত সমাধান পেয়ে গ্রাম আদালতের প্রতি খুশি এলাকাবাসী।
সুজানগর উপজেলার কামালপুর গ্রামের রহিমা খাতুন বলেন, তিনি দর্জির কাজ করেন। হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য জমির কাগজপত্র বন্ধক রেখে প্রতিবেশী কামাল হোসেনের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছিলেন।
“মাস দুয়েক পর টাকা ফেরত দিলেও কামাল আমার কাগজপত্র ফেরত দিতে টালবাহানা শুরু করেন। গ্রামের মুরব্বিদের নিয়ে কয়েক দফা শালিস বৈঠক হলেও কাগজ ফেরত পাইনি। পরে হাটখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্য লাকী আক্তারের পরামর্শে গ্রাম আদালতের খবর পাই। জমির কাগজ উদ্ধারে মামলাও ঠুকে দেই ওই আদালতে।”
আদালত বিষয়টি আমলে নিয়ে শুনানির দিন ঠিক করে। শুনানি শেষে তিন দিনের মধ্যে রহিমা কাগজপত্র ফিরে পান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শুধু রহিমা নন, পাবনা জেলার ৫টি উপজেলার ৩৭টি ইউনিয়নের বিভিন্ন মানুষের মুখে গ্রাম আদালতের সুবিধার কথা জানা গেছে। ছোটখাটো বিরোধ নিয়ে এখন আর কেউ থানা পুলিশ করতে যান না বলে তারা জানান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালমা খাতুন বলেন, ২০০৬ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নে পরীক্ষামূলকভাবে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য গ্রাম আদালত ব্যবস্থা চালু করে সরকার।
“সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রধান করে বাদী ও বিবাদী পক্ষের মনোনীত দুইজন করে প্রতিনিধি নিয়ে মোট পাঁচ সদস্যের পরিষদ বিচারকার্য পরিচালনা করে।”
সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষমতা আছে এ আদালতের।
তিনি বলেন, গ্রাম আদালতে আসামি হাজির না হলে বাদীকে থানায় মামলা করতে সহযোগিতা করা হয়। আর গ্রাম আদালতের রায়ে কোনো পক্ষ সন্তুষ্ট না হলে তার নিয়মিত আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
তাছাড়া চেয়ারম্যান উভয় পক্ষকে থানায় মামলার সমস্যা সম্পর্কে বুঝিয়ে দেন বলে গ্রাম আদালতে সমস্যা সমাধানের হার প্রায় শতভাগ বলে তিনি জানান।
তিনি বলেন, সপ্তাহে সাধারণত একদিন আদালত বসিয়ে চেয়ারম্যান কয়েকটা মামলার শুনানি করেন।
সাধারণত এক মাসের মধ্যেই বাদী তার সমস্যার সমাধান পান বলে তিনি জানান।
পাবনা জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার জেলা ফ্যাসিলিটেটর মনসুর আহম্মদ বলেন, গ্রাম পর্যায়ে বিরোধ মীমাংসায় পাবনায় স্বল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছে গ্রাম আদালত। দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি হওয়ায় এ আদালতের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা ও আগ্রহ বাড়ছে।
বৃহস্পতিবারের সভায় পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, গত এক বছরে এ জেলায় গ্রাম আদালতের মাধ্যমে ৪৪ লাখ ৪৮ হাজার ৭৫৫ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আদায় করে দেওয়া হয়েছে। পাশাপাশি জমি উদ্ধার হয়েছে ৩৩৪ দশমিক ৪৫ শতাংশ।
“গত এক বছরে এ জেলায় গ্রাম আদালতে দায়ের হওয়া ১১৮২টি দেওয়ানি ও ৯৪৭টি ফৌজদারি মামলার নিষ্পত্তি হয়েছে। বিচারিক আদালতের মামলা জট নিরসন ও ভোগান্তি কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
গ্রাম আদালতের প্রতি মানুষকে উৎসাহিত করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, যে চেয়ারম্যান সবচেয়ে বেশি দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন তাকে এই পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক সালমা খাতুন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় দৈনিক পাবনা প্রতিদিনের প্রধান সম্পাদক রবিউল ইসলাম রবি, দৈনিক জোড়বাংলা সম্পাদক আব্দুল মতীন খানসহ সাংবাদিকরা সভায় বক্তব্য দেন।
তারা গ্রাম আদালতের গ্রহণযোগ্যতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ দেন।
