শার্শায় অস্ত্র-মাদকসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার
যশোরের শার্শায় অস্ত্র ও ইয়াবাসহ এক ডজন মামলার এক আসামিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার গোগা থেকে ইয়াব আলী নামে ওই ব্যক্তিতে আটক করেন তারা।
ইয়াবের বাড়ি বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানান ওসি ।
তিনি বলেন, মাদক ও অস্ত্র বিক্রির জন্য সন্ত্রাসীরা গোগায় অবস্থান করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ইয়াবকে আটক করে।
“পরে তার শরীরে তল্লাশি চালানো হলে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২০০টি ইয়াবা পাওয়া যায়।”
এ ঘটনায় ইয়াবের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে শার্শা থানায় মামলা হয়েছে বলে ওসি মশিউর জানান।
