২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা পিটিআই প্রশিক্ষণার্থীদের ‘ভুয়া’ টিকা দেওয়ার অভিযোগ

পাবনা প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের হেপাটাইটিস বি ভাইরাসের ভুয়া টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, প্রতিষ্ঠানটির অনুমতি নিয়ে অর্থের বিনিময়ে বেসরকারি একটি সংস্থা যা দিচ্ছিল।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 05:47 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

বুধবার দুপুরের বিক্ষুব্ধ প্রশিক্ষণার্থীরা টিকাদানকারী প্রতিষ্ঠানের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানান পাবনা সদর থানার এসআই মোহাইমেনুল ইসলাম।

আটক সুলতান মাহমুদ পটুয়াখালীর ডিজেবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংস্থার প্রোগ্রাম অফিসার।

টিকা দেওয়ার বিষয়ে সংস্থাটি কোনো অনুমোদন নেয়নি বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

প্রশিক্ষণার্থীদের অভিযোগ, কয়েক মাস ধরে পিটিআইয়ের মাধ্যমে পটুয়াখালীর ডিজেবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেয়। এর জন্য তারা ১২০০ করে টাকাও নেয়।

সম্প্রতি টিকা নেওয়ার পর এক নারী প্রশিক্ষণার্থী অসুস্থ হয়ে পড়ে। বুধবার ওই সংস্থার কর্মীরা ফের টিকা দিতে এলে অনুমোদন ও উপকরণ দেখতে চায় প্রশিক্ষণার্থীরা। এ সময় বিক্ষুব্ধ টিকাদাতা প্রতিষ্ঠানের এক কর্মীকে আটক করে পুলিশে দেয় বলে জানান তারা।

পিটিআইয়ের ভারপ্রাপ্ত সুপারেন্ডেন্ট সুভাস কুমার বিশ্বাস বলেন, “সুপার ম্যাডাম প্রতিষ্ঠানের প্রশিক্ষনার্থীদের হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়ার অনুমতি দিয়েছেন। বিষয়টি তিনিই বিস্তারিত বলতে পারবেন।”

সিভিল সার্জন অফিসের লোকজন টিকাটিকে ভুয়া বলে নিশ্চিত করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের টিকা কর্মসূচির প্রধান রবিউল আলম বলেন, “ভারতের একটি প্রতিষ্ঠানের ওষুধটি পটুয়াখালীর একাট এনজিও সিভিল সার্জনের অনুমতি ছাড়াই টিকাদান কর্মসূচির মাধ্যমে দিচ্ছে। টিকা যে তাপমাত্রায় রাখা হয়েছে তাতে ওই টিকার কোনো কার্যকারিতা থাকে না।”

সিভিল সার্জন তাহাজ্জেল হোসেন বলেন, “অনুমতি ছাড়াই তারা টিকা দিয়েছে। ওই টিকার মধ্যে কি আছে না আছে তা পরীক্ষা ছাড়া বল সম্ভব হচ্ছে না।

“তবে আপাত দৃষ্টিতে এর কোনো কার্যকারিতাও নেই বলে মনে হয়েছে।”

এসআই মোহাইমেনুল বলেন, পিটিআইতে ঝামেলার খবর পেয়ে সেখানে গিয়ে একজনকে আটক করা হয়েছে। তার কাছে থাকা টিকা পরীক্ষা নিরীক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে সুলতান মাহমুদ দাবি করেছেন প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ টিকাদান কর্মসূচি চালাচ্ছে। তবে অনুমতির কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।