পাবনায় অটো চালককে গলাকেটে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলায় এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফিরোজ হোসেন (২৩) উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার সকালে ওই উপজেলার ছন্দহ গ্রামের একটি রাস্তার পাশ থেকে ফিরোজের গলাকাটা লাশ তারা উদ্ধার করেন।
লাশ থানায় আনার পর খবর পেয়ে ফিরোজের স্বজনেরা থানায় এসে ছেলের লাশ শনাক্ত করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণকভাবে নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো বিরোধের জেরে তাকে মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ফিরোজকে গলা কেটে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে।”
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
