২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2018, 02:29 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

সোমবার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের তুর্কা ব্রিজ এলাকায় ও গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামের নবেজ উদ্দিনের ছেলে আতিউল ইসলাম (২৭) ও একই এলাকার সোলায়মান হোসেনের ছেলে মাইদুল ইসলাম (৩৬) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার এলাকার একরাম আলী ওরফে বাদশা মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (২১)।

গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার জানান, সকাল সাড়ে ১০টার তুর্কা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সড়কের পাশে গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আতিউল নিহত হন। আহত হন তার সাথে থাকা মাইদুল।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাইদুলেরও মৃত্যু হয় বলে জানান ওসি।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফরিদুল নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।