২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর বিরুদ্ধে তথ্য গোপনের আরও এক অভিযোগ খালেকের

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করার আরও এক অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 11:29 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

বৃহস্পতিবার বিকালে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার কাছে এ অভিযোগ করে মঞ্জুর মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন বলে খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম সোহাগ জানান।

তালুকদার খালেকের লিখিত অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, মঞ্জু হলফনামায় দুই লাখ টাকা বাৎসরিক আয় দেখিয়েছেন যা অসামঞ্জস্য এবং বাস্তবতা বির্বজিত। এতে তার মাসিক আয় দাঁড়ায় ১৬ হাজার ৬৬৭ টাকা।

“মঞ্জু নিজেই স্বীকার করেছেন, ‘তিনি যে ভাড়া বাড়িতে বসবাস করেন তার মাসিক ভাড়া ৯ হাজার টাকা, গাড়ি চালকের বেতন ৭ হাজার টাকা।’ এখানেই ১৬ হাজার টাকার হিসাব চুকে যায়।”

মঞ্জু হলফনামায় আয়ের প্রকৃত উৎস না দেখিয়ে তথ্য গোপন করেছেন। অসামঞ্জস্য আয় প্রদর্শন ও তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছেন খালেক।

এ ব্যাপারে বিএনপির মেয়র প্রার্থী মঞ্জু বলেন, “খালেক সাহেব যত পারেন অভিযোগ করতে থাকুন। আমি আইনি লড়াই ও নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে সবকিছুর জবাব দেব।”

এর আগে বুধবার মঞ্জুর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের আরেকটি অভিযোগ দেন তালুকদার খালেক।