হোটেলে নারীর ড্রামবন্দি লাশ
গাজীপুরে একটি হোটেল থেকে এক নারীর ড্রামবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে হোতাপাড়ার বৈশাখী আবাসিক হোটেলের ভেতর প্লাস্টিকের ড্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান।
তবে ওই নারীর পরিচয় জানাতে পারেননি তিনি।
এসআই সাইফুল জানান, দোতলা হোটেলের পাশে জেনারেটর রুমে নারীর মৃতদেহটি একটি প্লাস্টিকের ড্রামে ছিল। গোপন খবরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, কমপক্ষে দুইদিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। হত্যার পর মৃতদেহটি ড্রামে ভরে গুম করার প্রক্রিয়া করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
