২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ

ভোলায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 10:56 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

তাকে মাদক ব্যবসায়ী সাজিয়ে পরিকল্পিতবাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

মৃত কৃষ্ণপদ দাস (৫২) ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পণ্ডিত বাড়ির  সুনীল দাসের ছেলে।

ভোলা সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

তবে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে।

কৃষ্ণপদর স্ত্রী চাতুর রাণী দাস ও ছেলে সুজন দাস অভিযোগ করেন, স্থানীয় এক ইউপি সদস্যের ছেলে গাঁজা ও ইয়াবা ব্যবসা করেন। তিনি কৃষ্ণকে মাদকের চালান বহনের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু কৃষ্ণ তা করেননি বলে ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

সুজন দাস বলেন, শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য মঞ্জু মাতাব্বরের ছেলে জনি ওরফে রনি তার বাবাকে আটক করে গাঁজাসহ ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ দেয়। এরপর চলে নির্যাতন।

সুজন বলেন, গলায় দড়ি বেঁধে টেনে নেওয়া হয় তার বাবাকে। এতেই থানা হেফাজতে মৃত্যু হয় তার।

ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার বলেন, কৃষ্ণপদকে সদর হাসপাতালে আনার পর অক্সিজেন দেওয়া হয়। এরপর ইসিজি করার সময় তার মৃত্যু হয়।

“মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।” 

এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি মো. ছগির মিয়া বলেন, “কৃষ্ণপদকে মাদকের চালানসহ ধরা হয়েছে। সে স্ট্রোকজনিত কারণে মারা গেছে।”

স্থানীয় বাসিন্দা বিপুল দাস বলেন, ইউপি সদস্যের ছেলে কৃষ্ণপদকে প্রথমে ধরে আনেন। পরে ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা এসে কৃষ্ণপদকে পুলিশে সোর্পদ করেন।

ভোলা মডেল থানার এসআই রফিকুল ইসলাম ফিরোজ বলেন, কৃষ্ণপদকে থানায় আনার সময় মেম্বারের ছেলেও সঙ্গে আসেন।