২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ফেইসবুকে প্রশ্ন ফাঁসের আশ্বাস, আটক ১

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে চলতি বছরের এইচএসসির প্রশ্নফাঁসের আশ্বাস দিয়ে স্ট্যাটাস দেওয়ায় বগুড়ার ধুনট উপজেলায় এক যুবককে আটক করেছে র‌্যাব। 

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 02:59 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, উপজেলার বানীয়াগাতী বাজার এলাকা থেকে শনিবার গভীর রাতে ওই যুবককে তারা আটক করেন।

আটক মাহবুব আলম (২৪) ওই এলাকার হোসেন আলীর ছেলে।

প্রশ্নফাঁস ঠেকাতে নিয়মের কড়াকড়ির মধ্যে সোমবার সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা; যাতে ১৩ লাখের বেশি শিক্ষার্থী এবার অংশ নিচ্ছে।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা মোর্শেদ বলেন, মাহবুব ছদ্দ নামে ফেইসবুকে একটি গ্রুপ তৈরি করেন। তার ওই গ্রুপে সদস্য সংখ্যা ২০০ জন।

“ওই গ্রুপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করার আশ্বাস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন মাহবুব। ইতোমধ্যে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়েও নেন তিনি।”

আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি ভূঁয়া প্রশ্নপত্র প্রকাশ করছিলেন বলে এ র‌্যাব কর্মকর্তা জানান।

র‌্যাব কর্মকর্তা মোর্শেদ আরও বলেন, গোপনে খবর পেয়ে বানীয়াগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা মাহবুবকে আটক করে। এ সময় তার ব্যবহৃত স্মার্ট ফোনটিও জব্দ করা হয়।

এর আগে গত ২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে এইসএসসির ভূয়া প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে বগুরার শাজাহানপুর উপজেলার হরিণগাড়ী মধ্যপাড়া থেকে ১৬ বছর বয়সী সামিউল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।