২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আর দুর্নীতি সমার্থক: ওবায়দুল কাদের

বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলটির সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 10:44 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

শুক্রবার ফেনীতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “বন্দুকের নল কাদের ক্ষমতার উৎস এটা কি এদেশের কারও অজানা আছে? আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ। আমারা ক্ষমতায় এসেছি জনগণের ভোটে।

“বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল উঁচিয়ে। তারা সামরিক শাসন জারি করে দল গঠন করে রাজনীতির নামাবলি গায়ে জড়িয়েছে। তাদের তো ক্ষমতার উৎসই বন্দুকের নল।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “এদেশে বিএনপি আর দুর্নীতি সমার্থক। তাদের পার্টির চেয়ারপার্সন দণ্ডিত, দলটি এখন যিনি চালাচ্ছেন তিনিও দণ্ডিত ব্যক্তি।” 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্পর্কে কাদের বলেন, খালেদা জিয়াকে বন্দি করেছে আদালত। তাকে মুক্তিও দিতে পারে আদালত। এখানে সরকারের কোনো করণীয় নেই। বিচার বিভাগের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না।

বিকালে মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

রেলওয়ে ওভারপাসের অগ্রগতি সম্পর্কে কাদের বলেন, এখানে দুটি স্পেলের কাজ একসাথে চলছে। মে মাসে একটি স্পেলের কাজ শেষ হবে। অপরটির কাজ জুলাইতে শেষ হবে।

এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এটির উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

পরিদের্শনের সময় জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য সিং মারমা, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজি স্বপন, সড়ক বিভাগের কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাগারে আছেন।