২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে গলা কেটে খুন, পরদিন ছেলের লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলায় মায়ের খুন হওয়ার একদিন পর নিখোঁজ ছেলের লাশ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 12:13 AM

Updated : 19 Aug 2022, 01:50 PM

শনিবার মাদ্রাজ ইউনিয়নের চর-আফজাল গ্রামে ছয় বছরের শিশু আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সকালে নিজ বসত ঘরে ওই শিশুর মায়ের গলাকাটা লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন চর-আফজাল গ্রামের মাহবুবুল আলমের স্ত্রী দুই সন্তানের জননী জাহানারা বেগম (৩০) ও তার ছেলে আবির (৬)।

চরফ্যাশন থানার ওসি এনামুল হক বলেন, শুক্রবার জাহানারার লাশ উদ্ধারের পর শনিবার বিকাল সাড়ে ৫টায় তার ছেলের লাশ বাড়ির পাশের ডোবায় পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদেন জন্য জাহানারার স্বামী মো. মাহাবুব আলম (৩৮), শ্বশুর আব্দুল মন্নান মাঝি (৭০), শাশুড়ি মোর্শেদা (৬০) ও দেবর ইব্রাহিমকে (২৫) আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহত জাহানারার বাবা সৈয়দ আলী চকিদার বাদী হয়ে চরফ্যাশন থানায় হত্যার অভিযোগে ওই চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।