শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে রাবি শিক্ষকের মৃত্যু
শিক্ষার্থীদের পড়াতে পড়াতে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
সুলতান আহমদ (৬৫) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।
বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মো. আজিজুল হক জানান।
ওই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার সকালে আমাদের ক্লাস নিচ্ছিলেন।
“হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে তার চেম্বারে নিয়ে যাই। পরে শিক্ষকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।”
আজিজুল হক বলেন, “দীর্ঘদিন থেকে স্যার ডায়াবেটিসে ভুগছিলেন। সকালে প্রথম বর্ষের ক্লাস নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন।”
সুলতান আহমদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিতপুরে। ১৯৮৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের অন্য কয়েকটি প্রশাসনিক দায়িত্ব পালন করেন অধ্যাপক সুলতান আহমদ। তার বেশ কয়েকটি গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ রয়েছে।
আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
