২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে কুপিয়ে জখম

বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক সহকারী পরিচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 06:39 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান।

আহত সাজাহান কবিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ডান পায়ের হাঁটু, ডান হাত এবং মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। এরমধ্যে হাঁটু এবং হাতের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

সাজাহান কবির ৬/৭ মাস আগে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদান করেন। এরপর তিনি পাসপোর্ট অফিস ঘুষ, দুর্নীতি ও দালাল মুক্ত করার কারণে দালালরা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে ধারণার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জানান।

এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ মন্ডল জানান, বেলা দেড়টার দিকে সাজাহান কবির রিকশায় করে শহরতলীর শাকপালা যাচ্ছিলেন। পথে কৈগাড়ি এলাকায় বিভাগীয় বন অফিসের সামনে মোটরসাইকেললে করে তিনজন এসে তার রিকশার গতি রোধ করে কিছু বুঝে ওঠার আগেই রাম দা দিয়ে তার ডান পায়ে কোপ দেয়।

“তিনি রিকশা নেমে দৌড়ে বন অফিসের ভেতরে একটি কক্ষে ঢুকে দরজা আটকিয়ে দিলে হামলাকারীরা দরজা ভেঙে বের করে কুপিয়ে ফেলে যায়।”

এ সময় বন অফিসের কর্মচারীসহ আশপাশের লোক এগিয়ে এসে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।