অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদাবাজির মামলায় টিভি সাংবাদিক
নারীসহ এক ব্যবসায়ীকে মারধরের পর উলঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বগুড়ার এক টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে।
এ ঘটনায় মাইটিভির বগুড়া জেলা প্রতিনিধি ও যুবলীগ সদস্য লতিফুল করিমের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
বগুড়া সদর থানায় সোমবার রাতে মামলাগুলো দায়ের করেন আব্দুল মান্নান, কামাল হোসেন ও আনোয়ার হোসেন।
এর মধ্যে একটি মামলায় আট জনের নাম এবং অপর দুই মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যেক মামলায় লতিফুল করিমকে প্রধান আসামি করা হয়।
বগুড়া সদরের নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, বুজরুকবাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে বরফ ব্যবসায়ী আব্দুল মান্নানের (৪৮) সঙ্গে দেখা করতে গত শনিবার (২৪ মার্চ) তার পরিচিত এক নারী আসেন। কাজের প্রয়োজনে তিনি মেয়েটিকে সঙ্গে নিয়ে প্রতিবেশী বন্ধু এনামুলের বাড়ি যান।
শফিকুল বলেন, সেখানে কথা বলার এক পর্যায়ে লতিফুল করিমসহ তার সহযোগীরা হামলা চালায়। তারা মান্নান এবং মেয়েটিকে লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে।
“এক পর্যায়ে দুইজনকে উলঙ্গ করে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তোলে। অন্য একজন পুরো ঘটনাটি ভিডিও করে।”
শফিকুল বলেন, পরে ভিডিও ও ছবি প্রকাশের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন করিম এবং তার সহযোগীরা। পরে তারা ওই বাড়ির মালিক এনামুলকে বেধড়ক লাঠিপেটা করে। এক পর্যয়ে আব্দুল মান্নানের ছোট ভাই আব্দুল হান্নানকে মোবাইল ফোনে ডেকে এনে তাকেও মারপিট করে।
“এক পর্যায়ে আব্দুল মান্নান বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিলে তাদেরকে ছেড়ে দেয়। তবে শর্ত হিসেবে আরও ৩০ হাজার টাকা দিতে বলে এবং একথা প্রকাশ না করার হুমকি দেয়।”
পরদিন (২৫ মার্চ) আরও ১৫ হাজার টাকা পরিশোধ করা হয় বলে মামরায় অভিযোগ করা হয়।
পুলিশ কর্মকর্তা শফিকুল মামলার বরাতে আরও বলেন, প্রচণ্ড মারপিটের কারণে এনামুলের অবস্থা গুরুতর হওয়ায় আসামিরা তাকে চিকিৎসার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপর দুটি মামলা করেন বুজরুকবাড়িয়ার কামাল হোসেন ও আকবর আলী প্রামানিক।
তাদের মামলায় অভিযোগ করা হয়, ওই ঘটনার পরদিন কামাল হোসেনের ছেলে শামীম (১৬) এবং আকবর আলী প্রামানিকের ছেলে মিল্লাত (২০) ঘটনাটি নিয়ে এলাকায় কথা বলায় লতিফুল করিম ও তার লোকজন এ দুজনকেও পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর জখম করে।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, “যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশি তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এখন আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ বিষয়ে লতিফুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
