২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ৩ শ্রমিক গ্রেপ্তার, জেলায় বাস বন্ধ

দুর্ঘটনার পর তিন পরিবহন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দূরপাল্লার বাস চলছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 08:01 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

মঙ্গলবার বেলা ১১টার পর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান।

ধামইরহাট থানার ওসি মু. রকিবুল ইসলাম বলেন, সোমবার দুপুর ১টায় দিকে ধামইরহাট থেকে কালিমী পরিবহনের একটি বাস নওগাঁর উদ্দেশে ছেড়ে যায়। পথে ধামইরহাট উপজেলার ফতেপুর এলাকায় এক শিশুকে ধাক্কা দেয় বাসটি।

“দুর্ঘটনার পর জনতার ধাওয়া খেয়ে বাসের চালক পত্নীতলা বিজিবি ক্যাম্পে গাড়িসহ আশ্রয় নেন।”

পরে বিজিবি বাসের চালক মোখলেছুর রহমান (৪৫), চালকের সহকারী মাহফুজুল হক (২২) ও সুপারভাইজার আব্দুর রাজ্জাককে (৪০) পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি জানান, ওইদিন ধামইরহাট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় এই তিনজনকে আসামি করা হয় এবং বাসটি থানায় নিয়ে আসা হয়।

মঙ্গলবার দুপুরে আসামিদেরকে আদালতে হাজির করলে তাদের হাজতে পাঠানো হয় বলে ওসি জানান।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, মোটর শ্রমিকদের আটকের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টা থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আটককৃত শ্রমিকদের জামিন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

ওই বাসের ধাক্কায় আহত হ্যাপি (৭) ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের চকভবানী গ্রামের নুরল হুদার মেয়ে।

তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।