বেনাপোলে ৫৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ২
বেনাপোলে পৃথক অভিযানে ৫৬ স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার পুটখালী ও শিকারপুরের নারকেলবাড়িয়া সীমান্ত থেকে স্বর্ণের বারসহ কাদের আটক করা হয়।
এরা হলেন পুটখালী গ্রামের আতাল সর্দ্দারের ছেলে আব্দুর রাজ্জাক (৪৭) ও ভারতের উত্তর ২৪ পরগনার মোস্তফাপুর গ্রামের মৃত হযরত দফাদারের ছেলে মিঠু দফাদার (৩০)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম জানান, ভারতে পাচারের সময় পুটখালী সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে আটক করা হয়।
তিনি বলেন, ভারতে সোনা পাচারের গোপন খবরে পুটখালী বিওপির টহলদল রাজ্জাককে আটক করে তার দেহ তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার পায়, যার ওজন দুই কেজি ৪০০ গ্রাম।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বেনাপোলের শিকারপুরের নারকেলবাড়িয়া সীমান্ত থেকে ৩২টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক মিঠুকে আটক করা হয়।
ভারতে সোনা পাচারের গোপন খবরে বিজিবির টহলদল মিঠুকে আটক করে তার দেহ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার পায়, যার ওজন তিন কেজি ৪০০ গ্রাম এবং বাজার দর এক কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা বলে জানান তিনি।
উদ্ধার স্বর্ণ বেনাপোল শুল্কভবনে এবং আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
