ঝিনাইদহে কৃষক হত্যায় ২ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে কৃষক আব্দুর রশিদ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম আযম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আইয়ুব হোসেনের ছেলে নান্নু মিয়া ও গোপীনাথপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে শাহীন মিয়া।
যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একমাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুইজনকে খালাস দেওয়া হয়েছে বলে পিপি ইসমাইল হোসেন জানান।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালের ১৯ মে হরিণাকুন্ডু উপজেলার সুড়া গ্রামের কৃষক আব্দুর রশিদকে অপহরণের পর হত্যা করা হয়। ওইদিন রাতে পাশের আদর্শ আন্দুলিয়া গ্রামের আমিরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের চাচা আব্দুল গনি মোল্লা বাদী হয়ে পরের দিন অজ্ঞাত আসামি করে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২২ নভেম্বর চারজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
