ফরিদপুরে পরিত্যক্ত ভবন ধসে ৩ শিক্ষার্থী আহত
ফরিদপুর সদরপুর উপজেলায় পরিত্যক্ত একটি ভবন ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে।
জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাইফুজ্জামান জানান, চরবিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক প্রাথমিক বিদ্যালয়ের পাশে শনিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজন হল ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাহেদ ও চতুর্থ শ্রেণির উজ্জ্বল। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন খান বলেন, বেলা দেড়টার দিকে টিফিন বিরতি চলাকালে স্কুলের পাশের ভবনটি বিকট শব্দে ধসে পড়ে। স্থানীয়দের সহায়তায় সেখান থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ভবন ধসের খবর পেয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য কাজী জাফর উল্লাহসহ স্থানীয়রা সেখানে গিয়েছে।
তবে ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকা পড়েছে কিনা তা কেউ বলতে পারেনি।
