আশুলিয়ায় শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ঢাকার আশুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক শিশুর বিরুদ্ধে।
আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বলেন, শিশুটির স্বজনদের কাছে খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার রুস্তমপুর সাহাপাড়ায় এ ঘটনা ঘটলেও তা একদিন পর স্বজনরা তা প্রকাশ করেন।
এ ঘটনায় শিশুটি এবং তার বাবা-মাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শিশুটির মা সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মেয়েকে ভাড়া বাড়িতে রেখে তিনি ও তার স্বামী কাজে বের হন। সেই সুযোগে তাদের প্রতিবেশীর ১১ বছরের ছেলে তার মেয়েকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে।
পরে শিশুটির গোঙ্গানির শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে গিয়ে শিশুকে উদ্ধার করেন। রাতে বাবা-মা বাড়ি এলে ঘটনাটি জানতে পারেন বলে জানান মেয়েটির মা।
ওনি বলেন, দুপুরে থানায় খবর দেন শিশুটির পরিবারের সদস্যরা। তখন পুলিশ আসার খবর শুনে ধর্ষণকারী শিশু ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
“পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
