ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীকে ‘ধর্ষণ’, যুবক আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে ভান্ডারা শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রাণীশংকৈল থানার এসআই শাহজাহান আলী জানান।
আটক যুবক তুহিন খান (৩৮) ভান্ডারা শান্তিপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
এসআই শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে ওই স্কুল ছাত্রী রাণীশংকৈল পৌরসভা ভবনের পাশে ব্যবসায়ী তুহিন খানের দোকানে ভাঙারি (পুরাতন জিনিসপত্র) বিক্রি করতে যায়।
ওই সময় খুচরা টাকা নেই বলে তুহিন তাকে টাকা দেওয়ার কথা বলে তার বাড়ি নিয়ে যান বলে জানান এসআই শাহজাহান।
“এরপর তুহিন তার স্ত্রীকে টাকা খুচরা করে আনার জন্য বাড়ির পাশের বাজারে পাঠান এবং এরপর ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।”
ওই সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তুহিনকে ধরে পুলিশে দেয় বলে জানান এসআই শাহজাহান।
শাহজাহান জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
