২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পত্নীতলায় যুবককে ঝুলিয়ে পিটুনি, গ্রেপ্তার ২

চুরির অপবাদ দিয়ে নওগাঁর পত্নীতলায় এক যুবককে পেটানোর ভিডিও ফেইসবুকে ছড়ানোর পর স্থানীয় ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রের অপারেটর ও এক চৌকিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 06:41 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

পত্নীতলা থানার ওসি মোজাহার হোসেন বলেন, শুক্রবার এ ঘটনা ঘটেছে। আদনান রহমান নামে এক ব্যক্তি এই নির্যাতনের ভিডিও শুক্রবার সন্ধ্যায় পোস্ট করেন।

“ভিডিও দেখে নির্যাতনকারী অভিযোগে রোববার পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের অপারেটর নুরুন্নবী এবং চৌকিদার মোজাফ্ফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।”

নির্যাতনের শিকার শফিকুল ইসলাম (২৫) পত্নীতলার সুরহট্টি মোল্লাপাড়া গ্রামের মো. অলির ছেলে।

ভিডিটিওতে দেখা যায়, এক ব্যক্তি শফিকুলের দুই পা বাঁধে। পরে দুই পায়ের মাঝ দিয়ে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়। তারপর বাঁশের দুদিকে দুইজন ধরে তাকে ঝুলিয়ে রাখে এবং আরেক ব্যক্তি লাঠি দিয়ে তার পায়ের তালুতে পেটাতে থাকেন।

তখন শফিকুল লাঠির আঘাতে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এক পর্যায়ে  তিনি নির্যাতনকারীর পা জড়িয়ে ধরে মিনতি করতে থাকেন।

ওসি মোজাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিমধ্যে এই নির্যাতনের হোতা আকবরপুর ইউপি তথ্যসেবা কেন্দ্রের অপারেটর নুরুন্নবীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও দেখে অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।”