আনসার আল ইসলামের ‘সামরিক কমান্ডার’ গ্রেপ্তার
রাজধানীর টিকাটুলী থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি আনসার আল ইসলামের সামরিক শাখার কমান্ডার বলে জানিয়েছে র্যাব।
রোববার ভোরে টিকাটুলীর প্যারামাউন্ট কনকর্ডের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান।
গ্রেপ্তার সাদমান রাহিক ওরফে জাবির ২০১৪ সাল থেকে আনসার আল ইসলামের সামরিক শাখার মাসুল বা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাটহাজারী গ্রামের আবদুস সোবহানের ছেলে সাদমান। সপরিবারে তারা দীর্ঘদিন ধরে টিকাটুলীতে বসবাস করছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় নাশকতা ও জঙ্গি তৎপরতার অভিযোগে মামলা রয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
র্যাব কর্মকর্তা বলেন, সাদমান রাহিক ওরফে জাবির ২০১০ সাল থেকে জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ হন। আনসার আল ইসলামের সামরিক শাখার মাসুল বা কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে সদস্য সংগ্রহের কাজও করছিলেন।
দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
