গাজীপুরে আগুনে পড়ল ১৫ ঝুট গুদাম
গাজীপুরে কোনাবাড়ীতে ঝুট গুদামে লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, রোববার সকাল ৭টার দিকে লাগা এ আগুনে কেউ হতাহত হয়নি।
“কোনাবাড়ীর সেলিম ও সালাম খানের ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে গেলে পাশের আরো ১৪টি ঝুটের গুদাম ও নয়টি দোকান পুড়ে যায়।”
জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চুলা বা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
দুপুর ২টার দিকেও ফায়ার সার্ভিস তিনটি ইউনিটের কর্মীদের ড্যাম্পিং কাজ করতে দেখা গেছে।
