নাটোরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষকসহ আটক ১৩
নাটোরে এসএসসি পরীক্ষায় রসায়ন ১ম পত্রের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষকসকহ ১৩ জনকে আটক করার কথা জানিয়েছে র্যাব।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের মেজর শিবলী মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে লালপুরের চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানাতে পারেননি তিনি। তবে তাদের মধ্যে ১০ জন পরীক্ষার্থী, একজন শিক্ষক ও স্থানীয় দুই ব্যক্তি রয়েছেন।
শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে মোবাইলে প্রশ্নপত্র ডাউনলোড করা হচ্ছে খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে গিয়ে কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল ফোন জব্দ করেন।
“পরীক্ষা শুরুর পর মোবাইলে থাকা প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র যাচাই করে দেখে হুবহু মিল পাওয়া গেছে।”
