২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ডোবায় মিলল স্বর্ণ ব্যবসায়ীর লাশ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের সাতদিন পর নোয়াখালীর চাটখিল থেকে এক স্বর্ণ ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2018, 05:54 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

চাটখিলের খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়া গ্রামের একটি ডোবা থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান।

নিহত নিতাই দেবনাথ (৩৫) দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের নারায়ণ দেবনাথের ছেলে। লাকসাম পৌরএলাকার দক্ষিণ লাকসামে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। ওই এলাকায় একটি স্বর্ণের দোকান চালাতেন।   

নিতাইয়ের বড় ভাই গৌরাঙ্গ দেবনাথ বলেন, গত বুধবার (৭ ফেব্রয়ারি) বিকালে নিতাই দোকানে যাওয়ার জন্য ভাড়া বাসা থেকে বের হন। গভীর রাতেও বাসায় না ফেরায় তার স্ত্রী মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পান।

এরপর বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও নিতাইয়ের হদিস না মেলায় রোববার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

ওসি আবদুল্লাহ বলেন, জিডির সূত্র ধরে পুলিশ মঙ্গলবার রাতে লাকসাম পৌরএলাকার ফতেপুরের একটি লেপতোষকের দোকানের কারিগর বিল্লালকে আটক করে।

“পরে বিল্লালের দেওয়া তথ্যে তার বাড়ির পাশের একটি ডোবা থেকে নিতাইয়ের বস্তাবন্দি লাশ উদ্ধার ও আরও চারজনকে আটক করা হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।