নিরাপত্তা নিশ্চিত করতে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে প্রত্যাবাসনে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দলের সঙ্গে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়া এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
গত বছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত ছয় লাখ ৮৮ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই আছে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে।
তাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর মিয়ানমার ও বাংলাদেশ যে সম্মতিপত্রে সই করেছিল, সেখানে দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার লক্ষ্য ঠিক করেছিল দুই দেশ। সেই দুই মাস সময় শেষ হয়ে গেলেও রোহিঙ্গাদের প্রত্যাবসন এখনও শুরু হয়নি।
তবে নির্যাতনের ক্ষত নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের এখনই সেখানে ফেরত পাঠানো সময়োচিত সিদ্ধান্ত হবে না বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও মর্যদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে প্রক্রিয়াগত কাজ অব্যাহত থাকায় প্রত্যাবাসন বিলম্ব হচ্ছে। এ জন্য প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ ইউএনএইচসিআরকে সম্পৃক্ত করা হয়েছে।
“প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর পর যেন কোনো নেতিবাচক কিছু না ঘটে সরকার এ লক্ষ্যে কাজ করছে। প্রত্যাবাসনের পর কোনো কারণে যদি এসব রোহিঙ্গা আবার পালিয়ে আসে, তাহলে ফেরত পাঠানোর কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে।”
তাই সরকার কিছুটা বিলম্ব হলেও প্রত্যাবাসন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় বলে জানান তিনি।
তবে কত দিনের মধ্যে প্রত্যাবাসন শুরু হবে নিশ্চিত করে না জানালেও যত দ্রুত সম্ভব শুরু করা হবে বলে জানান শাহরিয়ার আলম।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা ক্যাম্পের বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ, চিকিৎসা ও শিক্ষাসহ নানা কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্যের প্রতিনিধি দল প্রধান জিন লামবারট বলেন, মিয়ানমারের পরিস্থিতি উদ্বেগজনক। ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মহল মনে করে, রোহিঙ্গাদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে মিয়ানমার সরকার। আগের মত সহিংস পরিস্থিতি কখনোই রোহিঙ্গাদের অনুকূলে নয়।
মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদে বসবাস করা সম্ভব হয়নি বলে বাংলাদেশে পালিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
এরআগে প্রতিনিধি দলটি সোমবার সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার আসেন। এরপর তারা সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কক্সবাজার আসেন রোববার বিকালে। সোমবার সকালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফিরে যাওয়ার পর সংস্থাটির সদর প্রতিবেদন জমা দেবে। রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য মিয়াবমারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি করতে ভূমিকা পালন করবে বলে আশ্বাস দিয়েছে তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়ানমারের সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্যাতনের কারণে নয়; মিয়ানমারে কতিপয় মহলের প্ররোচনায় সম্প্রতি কিছু রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে।
“গত ৪০ দিনে অন্তত ১০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। সবাই যে প্ররোচিত হয়ে পালিয়ে আসছে, তা নয়। এসব রোহিঙ্গাদের কেউ আসছে হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে, আবার কেউ পালিয়ে আসা স্বজনদের পরিস্থিতি দেখতে।”
তিনি আরও বলেন, “তবে যে কারণেই হোক রোহিঙ্গারা আসুক না কেন এতে আমরা (বাংলাদেশ) বিচলিত নই। প্রত্যাবাসন শুরুর পরও যদি রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকে, তখনই বিষয়টিকে সিরিয়াসলি নেওয়া হবে।”
