গাইবান্ধায় বাঁশ ছিটকে শিশু নিহত
গাইবান্ধার সাদুল্লাপুরে যন্ত্র দিয়ে বাঁশঝাড়সুদ্ধ মাটি কাটার সময় একটি বাঁশ ছিটকে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মাইশা উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকসাড়াই গ্রামের মামুন মিয়ার মেয়ে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা জানান, সাদুল্লাপুর-ধাপেরহাট সড়ক সম্প্রসারণের কাজ চলছে। শনিবার দুপুরে মেশিন দিয়ে রাস্তার পাশের বাঁশঝাড়ের মাটি কাটা দেখছিল শিশুরা। এ সময় একটি বাঁশ ছিটকে মাইশার মাথার ওপর পড়লে সে আহত হয়। এলাকাবাসী তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
পুলিশ ঘটনা জানলেও কেউ অভিযোগ করেনি।
সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমরানুল কবির বলেন, “ঘটনা শুনেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।”
