ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার রাতে এ দুর্ঘটনায় ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই নুরুদ্দিন জাহাঙ্গীর জানান।
নিহতরা হলেন উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্টু খন্দকারের ছেলে মাহিন খন্দকার (১৯) ও একই গ্রামের আইয়ুব আলী খানের ছেলে নাঈম খান (১৮)।
দুজনেরই ভাঙ্গার শরীফাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
আহত হাফিজুল মিয়াকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা বলেন, তিন বন্ধু মোটসাইকেলে করে বাড়ি থেকে ভাঙ্গার বিশ্বরোডের মোড় হয়ে পুখুরিয়ার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
এসআই নুরুদ্দিন বলেন, অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন মাহিন। আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নাঈমের মৃত্যু হয়।
