২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমিরীগঞ্জের ইউএনওর অপসারণ দাবি করে মিছিল

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করার ঘটনায় মামলার পর ইউএনওর অপসারণ দাবি করে মিছিল-সমাবেশ করেছেন স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2018, 07:34 PM

Updated : 19 Aug 2022, 01:24 PM

উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামন থেকে সোমবার দুপুরে মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মমিনুর রহমান সজিব সমাবেশে অভিযোগ করেন, “ইউএনও পুলক কান্তি চক্রবর্তী শনিবার উন্নয়ন মেলার অনুষ্ঠানস্থল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের ছবি-সংবলিত ব্যানার অপসারণ করে তাদের প্রতি অসম্মান করেছেন।

“এর প্রতিবাদে তার শাস্তি ও অপসারণের দাবিতে এই মিছিল-সমাবেশ।”

এ বিষয়ে ইউএনও পুলক কান্তি বলেন, “সরকারি অনুষ্ঠান হওয়ায় দলীয় ব্যানারগুলো খুলে ফেলা হয়। খুলে ফেলায় আমাকে লাঞ্ছিত করা হলে রোববার মামলা করা হয়। এতে যুবলীগনেতা মমিনুর রহমান সজিবসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।”

মিছিলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল আহমেদ বলেন, “মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা মিছিল-সমাবেশ করছে জানার পর সেখানে পুলিশ পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি।”