২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে বেতন নিয়ে বিতণ্ডার পর অভিভাবককে বেঁধে মারধরে মামলা

কক্সবাজার সদরের পূর্ব ঘোষণা ছাড়া বেতন ও ভর্তি ফি বৃদ্ধি নিয়ে বিতণ্ডার জেরে এক অভিভাবককে বেঁধে মারধরের ঘটনায় মামলা হয়েছে। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 08:29 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

সোমবার সন্ধ্যায় নির্যাতনের শিকার অভিভাবক মো. আয়াতুল্লাহ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এ মামলা করেন বলে কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।

মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হককে প্রধান আসামি করে করা এ মামলার অন্য আসামিরা হলেন খরুলিয়া কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক বোরহান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক, একই স্কুলের শিক্ষক নুরুল হক ও নজিবুল্লাহসহ আরও এক শিক্ষক।

পূর্ব ঘোষণা ছাড়া বেতন ও ভর্তি ফি বৃদ্ধি নিয়ে রোববার সকালে খরুলিয়া কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের অভিভাবক মো. আয়াতুল্লাহর সঙ্গে প্রধান শিক্ষক বোরহান উদ্দিনের বিতণ্ডা হয়। এ সময় বোরহান পাশের খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হককে মোবাইল ফোনে ডেকে এনে অন্য শিক্ষক ও ছাত্রদের নিয়ে রশি দিয়ে বেঁধে আয়াতুল্লাহকে মারধর করেন।

ওসি রণজিত বলেন, মামলার পর জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলার ইউএনও মো. নোমান হোসেন।

তিনি বলেন, “ঘটনা জানতে পেরেছি গভীর রাতে। পরে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রাথমিকভাবে অভিভাবককে নির্যাতনের সত্যতা পেয়েছি।”

এ ব্যাপারে পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান ইউএনও নোমান।

পুরনো খবর:

স্কুলে বেতন নিয়ে বিতণ্ডা, অভিভাবককে বেঁধে মারধর